নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগর ও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাইমদ, ইয়াবা ও গাঁজাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে ২০ লিটার চোলাইমদ, দুই পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অন্যদিকে, মাদক সেবনের দায়ে সাতজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। বাকি দুজনকে পৃথকভাবে এক ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা সদর ও জীবননগর থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, জীবননগর বাজারে কাজল নামের এক ব্যক্তির আমের আড়তের সামনে অভিযান চালিয়ে কিরণ মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার ডান হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে একটি প্লাস্টিকের কনটেইনারে ২০ লিটার চোলাই মদ পাওয়া যায়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। কিরণ মণ্ডল জীবননগর উপজেলার গোপালনগর থানাপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় নিয়মিত মামলা করেছেন। অভিযানে ইবাদুল্লাহ শেখ সাকিব (২৬) নামের আরেক ব্যক্তির কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট এবং নয়ন (৩৫) নামের একজনের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ইবাদুল্লাহ শেখ সাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার এবং নয়ন সদর উপজেলার হকপাড়ার বাসিন্দা।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে শনাক্ত করা হয়। তারা হলেন জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়ার মুরাদ হোসেন (৪৫), গঙ্গাদাসপুরের বাবলুর রহমান (৪৭), পোস্ট অফিস পাড়ার ওয়াসিম আলী (৪৫), মহানগর উত্তরপাড়ার হেরাজ উদ্দিন (৩০), লক্ষ্মীপুর ভাঙা ব্রিজ এলাকার ছমির খাঁ (৪৫) এবং পুরাতন লক্ষ্মীপুর খাঁপাড়ার আহসান হাবিব (১৯)।
অভিযান-পরবর্তী আইনগত ব্যবস্থার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ অভিযুক্ত ইবাদুল্লাহ শেখ সাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং নয়নকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে তাদের অর্থদণ্ডের নির্দিষ্ট পরিমাণ অধিদপ্তরের দেয়া তথ্যে উল্লেখ করা হয়নি। অন্যদিকে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত মাদক সেবনের দায়ে মুরাদ হোসেন, বাবলুর রহমান, ওয়াসিম আলী, হেরাজ উদ্দিন, ছমির খাঁ ও আহসান হাবিবকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম অভিযানের এসব তথ্য জানিয়েছেন।


