ক্রীড়া প্রতিবেদক:
খেলার মাঠে শিক্ষার্থীদের সঠিক নিয়ম শেখানো, প্রতিযোগিতার মান বাড়ানো এবং আসন্ন গ্রীষ্মকালীন খেলাধুলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চুয়াডাঙ্গায় মাধ্যমিক স্তরের শারীরিক শিক্ষার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল থেকে সাঁতার, হ্যান্ডবল, কাবাডি থেকে দাবা বিভিন্ন ইভেন্টের আধুনিক নিয়মকানুন ও মাঠের বাস্তব প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন শিক্ষকরা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী মালিক আব্দুল বারী (এম এ বারী) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় সদর উপজেলার মাধ্যমিক স্তরের সব স্কুল, মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষার শিক্ষকেরা অংশ নেন। দিনভর কর্মশালাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রশিক্ষণের পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের নিয়মকানুন, মাঠ পরিচালনা ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
সকালে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণের ভেন্যু দাতা ও আহ্বায়ক মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক রকিবুল ইসলাম।
কর্মশালাটি তিনটি বিশেষ পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল উপস্থিতি, নিবন্ধন, পরিচিতি ও উদ্বোধনী আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় কর্মশালার মূল পর্ব। জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলার প্রধান ইভেন্টগুলোর আধুনিক নিয়মকানুন এবং মাঠে সেগুলোর বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। ফুটবল, সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা এই পাঁচটি গুরুত্বপূর্ণ ইভেন্টের নিয়ম, পরিচালনা পদ্ধতি এবং মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তব পরিস্থিতিতে কীভাবে খেলা পরিচালনা করতে হবে, কীভাবে নিয়ম প্রয়োগ করতে হবে এবং প্রতিযোগিতার সময় কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে—এসব বিষয়ও তুলে ধরা হয়।
প্রশিক্ষকদের মতে, ক্রীড়া প্রতিযোগিতায় সঠিক নিয়মের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক নিজে নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা রাখলে শিক্ষার্থীদেরও খেলার প্রতি আগ্রহ ও শৃঙ্খলা বাড়ে। একই সঙ্গে প্রতিযোগিতার মাঠে ভুল বোঝাবুঝি ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। কর্মশালার প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন চুয়াডাঙ্গার অভিজ্ঞ ও দক্ষ শারীরিক শিক্ষার শিক্ষক মো. রকিবুল ইসলাম (ইসলাম রকিব), হাফিজুর রহমান, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা, খাইরুল ইসলাম ও শহিদুল ইসলামসহ অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষক।
আয়োজকেরা জানান, আসন্ন গ্রীষ্মকালীন খেলাধুলায় শিক্ষার্থীদের দক্ষভাবে প্রস্তুত করা এবং প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে খেলার আধুনিক নিয়ম সম্পর্কে শিক্ষকদের ধারণা আরও স্পষ্ট হওয়ায় তাঁরা বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারবেন।
কর্মশালার তৃতীয় ও শেষ পর্বে ছিল মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। সেখানে দিনব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রার্থী, চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূর হোসেন। উদ্বোধনী ও সমাপনী দুই পর্বেই সভাপতিত্ব করেন প্রশিক্ষণের ভেন্যু দাতা ও আহ্বায়ক মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণার্থীদের জন্য সকালের রিফ্রেশমেন্ট, মধ্যাহ্ন বিরতিতে নাস্তা এবং শেষে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। আয়োজকদের এ ব্যবস্থাপনাও প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষক ও উপস্থিত কর্মকর্তাদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে।


