নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক নন, পথচারীদেরও সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার এবং চলাচলের সময় সতর্কতা অবলম্বন করলে অনেক অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানো সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে প্রচারমূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’Ñএ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেল এ কর্মসূচির আয়োজন করে।
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম এবং বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান ও নাহিদ হাসান।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ জরুরি। চালকদের পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা এবং ট্রাফিক নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তার নিয়মগুলো শিখলে নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারবে। তাই নিরাপদ সড়ক গড়ে তুলতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এর আগে সোমবার বিকেলে চুয়াডাঙ্গা একাডেমি নামের আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষক রিপন মল্লিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম এবং মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান ও নাহিদ হাসান।
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার অভ্যাস গড়ে তোলা এবং দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করাই আয়োজকদের লক্ষ্য।


