দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর হাজিপাড়ায় তিন পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ওই তিন পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হওয়া ও মূল সড়কে যাতায়াত নিয়ে বিপাকে পড়েছেন। পথটি খুলে দিয়ে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করার দাবিতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জয়রামপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের কাছে এ অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়রামপুর হাজিপাড়ায় শরিফুল ইসলামসহ তিনটি পরিবার প্রায় ১৬ বছর ধরে বসবাস করে আসছে। বসতি গড়ে তোলার পর থেকেই তারা একটি নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করে আসছিলেন। ওই পথের জন্য পরিবারগুলো প্রায় চার ফুট প্রশস্ত করে প্রায় এক কাঠা জমি কিনেছে। তবে মূল সড়কে সরাসরি উঠতে হলে আরও প্রায় ১৬ ফুট জায়গার প্রয়োজন। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ি নির্মাণের সময় ওই জমির মালিক একই পাড়ার জলিলের ছেলে মোজাফফর আলীর সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন। তখন মোজাফফর তাদের ওই জায়গা দিয়ে চলাচলের অনুমতি দেন এবং ভবিষ্যতে রাস্তার জন্য প্রয়োজনীয় জমি তাদের কাছে বিক্রি করার মৌখিক প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই আশ্বাসের ভিত্তিতেই তারা সেখানে বসতি গড়ে তোলেন। কিন্তু প্রায় এক মাস আগে মোজাফফর আলী ভুক্তভোগী পরিবারগুলোকে না জানিয়ে ওই জায়গায় তারের বেড়া দিয়ে তাদের চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিন পরিবারের সদস্যদের স্বাভাবিক যাতায়াত বন্ধ হয়ে যায়।
অভিযোগকারী শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে তারা ওই পথ দিয়ে চলাচল করছেন। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেয়ায় পরিবারের সদস্যদের নিয়ে তারা চরম সমস্যায় পড়েছেন। পথটি খুলে দেয়ার জন্য জমির মালিকের সঙ্গে একাধিকবার কথা বললেও তিনি কোনো সমাধানে রাজি হননি। এ অবস্থায় বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। ভুক্তভোগীদের দাবি, বসতবাড়ি থেকে মূল সড়কে যাওয়ার জন্য প্রয়োজনীয় অংশটুকু উন্মুক্ত করে দিলে তিন পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে। তারা বিষয়টি তদন্ত করে দ্রুত একটি স্থায়ী সমাধানের প্রত্যাশা করছেন।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সবাই যাতে সুন্দরভাবে চলাচল করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে তাদের বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের বসতিতে যাতায়াতের পথ নিয়ে এমন বিরোধ তৈরি হলে তা দ্রুত স্থানীয়ভাবে সমাধান করা জরুরি। এতে একদিকে যেমন তিনটি পরিবারের দুর্ভোগ কমবে, অন্যদিকে প্রতিবেশীদের মধ্যেও বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা কমবে।


