জীবননগর অফিস:
জীবননগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ‘সাথী অটো রাইস মিলের’ জেনারেটরসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর-ঢাকা ব্রিকফিল্ড এলাকায় অবস্থিত মিলটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া ও শিখা ছড়িয়ে পড়লে মিলের কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও মিল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ মিলের জেনারেটর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে অনেকে নিরাপদ স্থানে সরে যান। এ সময় উপস্থিত লোকজন ও মিলের কর্মচারীরা বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই জেনারেটরসহ মিলের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
মিলের মালিক এসকে লিটন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি মনে করছেন। আকস্মিক এ অগ্নিকাণ্ডে তার রাইস মিলের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। জেনারেটর ও অন্যান্য সরঞ্জামের ক্ষয়ক্ষতি হিসাব করে ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে বলে তিনি দাবি করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতির প্রকৃত মূল্য ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।


