দর্শনা অফিস/নেহালপুর প্রতিনিধি:
দর্শনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতা দলীয় কার্যক্রম থেকে সরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। ফরহাদ হোসেন নামের ওই নেতা দর্শনা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ মশিউর রহমানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ফরহাদ হোসেন। এ সময় মশিউর রহমান তাকে স্বাগত জানান এবং বিএনপির আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান।
যোগদান অনুষ্ঠানে ফরহাদ হোসেন জানান, তিনি জামায়াতে ইসলামী ও দলটির অঙ্গসংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দলটিতে যোগ দিয়েছেন বলেও জানান। এ সময় মশিউর রহমান তাকে বিএনপিতে স্বাগত জানিয়ে বলেন, নতুন করে যারা বিএনপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন, তাদের অভিজ্ঞতা ও সক্রিয় অংশগ্রহণ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। তিনি ফরহাদ হোসেনকে দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান।
ফরহাদ হোসেনের দলবদলের বিষয়ে দর্শনা পৌর জামায়াতে ইসলামীর আমির সাহিকুল ইসলাম অপু বলেন, ফরহাদ হোসেন বিএনপিতে যোগ দিয়েছেন বলে শুনেছি। তিনি ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন।


