দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় মশাল মিছিল ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফলেহার হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার ভোররাতে দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফলেহার হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করেন। ওই ঘটনায় সরকারবিরোধী মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে ফলেহার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তার হওয়া পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামি হলেন ঝন্টু (৪৭), লিটন (৩৮), মোতালেব হোসেন (৪০), লিমন ওরফে আলফাজ (৪৫) ও শাওন ইসলাম (২২)।
দর্শনা থানার ওসি (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, রবিবার ভোররাতে দর্শনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ফলেহার হোসেনকে ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা থানা এলাকায় মশাল মিছিল ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্য পাঁচজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে দর্শনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরে গ্রেপ্তার ছয়জনকে রবিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


