দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর ফুটবল মাঠে বৃষ্টিভেজা বিকেলে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ছাদরাতুল মোমিন সংঘের আয়োজনে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মেহেরপুরের রাজাপুর একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয় পেয়েছে দামুড়হুদার চিৎলা ফুটবল একাডেমি। বৃষ্টি উপেক্ষা করে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন ও খেলা দেখতে মাঠে জড়ো হন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকলেও দুই দলের খেলোয়াড়দের লড়াইয়ে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবুল হাসেম এবং জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়ানুরাগীরা।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, গ্রামের মাঠগুলোতে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। শুধু শহরকেন্দ্রিক নয়, প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দেরও নিজেদের যোগ্যতা প্রকাশের সুযোগ করে দিতে হবে। এসব মাঠ থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসতে পারেন। শরীফুজ্জামান শরীফ আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন আরও বেশি প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও ইতিবাচক প্রজন্ম গড়ে তোলার পথ তৈরি হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেহেরপুর জেলার রাজাপুর একাদশ ও দামুড়হুদা উপজেলার চিৎলা ফুটবল একাডেমি। বৃষ্টির মধ্যে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলতে থাকে। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তির জন্য টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে চিৎলা ফুটবল একাডেমির খেলোয়াড়েরা স্নায়ুচাপ সামলে সফলভাবে সুযোগ কাজে লাগান। শেষ পর্যন্ত ৪-২ গোলে রাজাপুর একাদশকে হারিয়ে উদ্বোধনী ম্যাচের জয় তুলে নেয় চিৎলা ফুটবল একাডেমি। বৃষ্টির মধ্যেও ম্যাচ দেখতে আসা দর্শকেরা দুই দলকেই উৎসাহ দেন। মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে ইব্রাহিমপুরের মাঠটি হয়ে ওঠে উৎসবমুখর।


