নেহালপুর প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফার্মেসিটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ করে রাখার অভিযোগে এ জরিমানা করা হয়। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।
তদারকি সূত্রে জানা যায়, হিজলগাড়ী এলাকায় আশরাফুল আলমের মালিকানাধীন মেসার্স সুমি ফার্মেসিতে তদারকি চালানোর সময় ফ্রিজের ভেতর মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নজরে এলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেয়া হয়। পরে সুমি ফার্মেসির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযান চলাকালে হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকার অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদেরও সতর্ক করা হয়। ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ও মানহীন ওষুধ, বীজ এবং শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণের দায়ে সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে পণ্যের মান, মূল্য ও মেয়াদসহ ভোক্তার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


