নিজস্ব প্রতিবেদক:
সার, ডিজেল, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় গণসংযোগ ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে বক্তারা কৃষি উপকরণ ও জ্বালানি সংকট, বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে এসব সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে কৃষকদের জন্য সার ও ডিজেলের সংকট তাদের উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ মানুষের দৈনন্দিন জীবনেও ভোগান্তি বাড়াচ্ছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, বর্তমানে দেশে সার, ডিজেল, গ্যাস, বিদ্যুৎসহ নানা সমস্যা দৃশ্যমান। সরকার সবকিছু ঠিক আছে দাবি করলেও গ্রামাঞ্চলের সার্বিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে বিদ্যুতের চরম সংকটে সর্বস্তরের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষ আজ চরম কষ্টে দিনাতিপাত করছে। রুহুল আমিন বলেন, সাধারণ মানুষের অধিকার ও স্বার্থের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার। জনগণের বিভিন্ন সমস্যা সংসদে ও রাজপথে তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলছে না, এর প্রভাব পড়ছে কৃষি ও উৎপাদন ব্যবস্থার ওপরও। সার ও ডিজেলের সংকটের কারণে কৃষকের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সমস্যা থাকলে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হয়। তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল করা, কৃষকদের জন্য পর্যাপ্ত সার ও ডিজেল সরবরাহ নিশ্চিত করা এবং গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এ জন্য সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
পদ্মবিলা ইউনিয়ন জামায়াতের আমির আসমান আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির বিলাল হুসাইন ও সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান। এ ছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।


