নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও চোরাচালানের ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের কদর আলীর বাঁশবাগানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি গাঁজা পাওয়া যায়। পরে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো চোরাকারবারি বা মাদক ব্যবসায়ীকে পাওয়া যায়নি। শনিবার দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৬৮/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের পশ্চিমপাড়ার বড় মিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে এ অভিযানেও কাউকে আটক করা যায়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক, অবৈধ পণ্য ও অন্যান্য চোরাচালানি সামগ্রীর প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


