নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। গত ২৭ অক্টোবর মাদকসহ আটকের চার দিন পর শনিবার (৩১ অক্টোবর) উপজেলা বিএনপির জরুরি সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বোরহান উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত কিছুদিন ধরে বোরহান উদ্দিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত, অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মাদক কারবার ও সেবনের মতো সামাজিক ব্যাধি এবং অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে বোরহান উদ্দিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তার ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মাদকসহ আটক হন নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন। ওই ঘটনার চার দিনের মাথায় তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। এতে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে তার অধ্যায়ের অবসান ঘটল।


