নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান। গতকাল বুধবার রাতে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নতুন ও পুরোনো ভবনের বিভিন্ন কক্ষ, চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সেবার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে অধ্যাপক ডা. জাহিদ রায়হান হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মানোন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের কাজের পরিবেশকে সহযোগিতামূলক রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা কাউকে বিপদে ফেলার জন্য আসিনি। আজ যে সেবা হচ্ছে, আগামীতে সেটিকে আরও উন্নত করার জন্যই আমরা কাজ করছি। প্রত্যেকটি বিষয়ে শুধু ত্রুটি খুঁজতে থাকলে কাজের পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। হাসপাতালে অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিদর্শনের সময় তার চোখে তেমন কোনো অনিয়ম পড়েনি। এ সময় হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়েও তাকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, শুধু তার পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতাল পরিষ্কার করার কোনো বিষয় নয়। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা রয়েছে।
হাসপাতালের জনবল সংকটের বিষয়ে অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, দেশের প্রায় প্রতিটি হাসপাতালেই জনবল সংকট রয়েছে। এ সংকট কাটানো সম্ভব হলে রোগীদের আরও উন্নত চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে। স্বাস্থ্য খাতে সরকারের ব্যয়ের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যাপক অর্থ ব্যয় করছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও প্রয়োজনীয় ওষুধ রয়েছে। রোগীরা হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে নিতে পারবেন। গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবায় যে ইতিবাচক কাজগুলো করছেন, সেগুলোও গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। এতে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহ বাড়বে এবং রোগীদের আস্থাও আরও শক্তিশালী হবে।
রাতের এই পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কক্ষ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাসেবার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রোগীদের সেবার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কেও খোঁজ নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা. রফিকুল হক বাবলু, আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি, সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময়, অর্থোপেডিক্স বিভাগের ডা. আব্দুর রহমানসহ সার্জারি, মেডিসিন, শিশু, গাইনি ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং ড্যাবের নেতৃবৃন্দ।


