ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা ও স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসন চুয়াডাঙ্গার আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদভাবে বেড়ে ওঠার জন্য স্বাস্থ্য বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্ন থাকা এবং স্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা হলে সংকোচ না করে অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানোর ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পুষ্টি ও বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন স্বাভাবিক। এসব বিষয়ে সঠিক তথ্য জানা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সুষম খাদ্য গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী সুস্থ থাকলেই পড়াশোনা ও স্বাভাবিক বিকাশ ভালোভাবে সম্ভব। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা এখান থেকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে তা দৈনন্দিন জীবনে কাজে লাগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা। ক্যাম্পেইনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির নারী শিক্ষার্থীরা অংশ নেয়।


