ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে আলমডাঙ্গা পৌরসভা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মেদ এবং আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সবল হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত হাত পরিষ্কারের অভ্যাস গড়ে তুলতে শিক্ষকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, খাবার গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস শিশুদের মধ্যে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অন্যতম উপায়। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখিয়ে দেন এবং এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্নতা চর্চা জোরদার, রোগের ঝুঁকি কমানো এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


