আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আট পিস ট্যাপেন্টাডল ও ইয়াবার গুঁড়াসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নবাব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হারদী এলাকায় অভিযান চালায়। রাত সোয়া নয়টার দিকে হারদী গ্রামের ইউসুফ আলীর চায়ের দোকানের সামনে থেকে মাফুজ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার কাছ থেকে আট পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে। অন্যদিকে, এসআই এস এম নিয়ামুল হকের নেতৃত্বে কামালপুর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজ্জল হোসেন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই এলাকার আজিজুল হকের বাড়ির দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ০.১ গ্রাম ইয়াবার গুঁড়া, ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের কাঠি ও তিনটি বোতলের মুখের অংশ উদ্ধার করা হয়। এছাড়া আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে আব্দুস সালাম (৩০) ও নাহিদ হাসান (২১) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, আব্দুস সালাম ও নাহিদ হাসানকে ৩ সেপ্টেম্বর করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, মাফুজ ও সুজ্জলকে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হলে আদালত মাফুজকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সুজ্জল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


