নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে তদারকি চালিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি এবং স্বাস্থ্য সনদ ছাড়া মিষ্টি তৈরি ও বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাটবোয়ালিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খাদ্যপণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের মান ও মেয়াদ তদারকি করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’র সংশ্লিষ্ট ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অভিযোগে বাবুল বিশ্বাসের ‘বিশ্বাস বীজ ভান্ডার’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্য সনদ না থাকা এবং মিষ্টিজাতীয় পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার কারণে আরও দুটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়। এর মধ্যে জিয়া উদ্দিনের ‘জিয়া ফল ও মিষ্টান্ন ভান্ডার’কে ৮ হাজার টাকা এবং সাহিবুল ইসলামের ‘সিরাজ মিষ্টান্ন ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে পণ্য নির্ধারিত ও যৌক্তিক মূল্যে ক্রয়-বিক্রয় এবং ভোক্তাদের কাছে পণ্যের সঠিক তথ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও মানহীন খাদ্যপণ্য, ওষুধ, বীজ, কীটনাশক ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। পণ্যের মেয়াদ, মান ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে ক্রয়-বিক্রয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।
তদারকি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং আনসার ব্যাটালিয়নের একটি দল।


