সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর চারমাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়াল প্রসিকিউশন করা হলে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাদের আরও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নওশাদ মাহফুজের নেতৃত্বে একদল পুলিশ বেগনগর চারমাইল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার একটি পানের বরজের ভেতর থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন বেগনগর চারমাইল গ্রামের মৃত মোছাদুল ইসলামের ছেলে রাসেল হাসান ওরফে চঞ্চল (৩৫), শংকরচন্দ্র গ্রামের মৃত খেদের আলীর ছেলে লিয়ন (১৯) এবং একই গ্রামের সুজার আলীর ছেলে রিয়াজ আলী (২৬)। পুলিশের দাবি, তাদের আটক করার সময় তিনজনই মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশের উপস্থিতিতেই তারা অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়। আদালতে তাৎক্ষণিক বিচার শেষে তিন আসামির প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও সাতদিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।


