আন্দুলবাড়িয়া প্রতিনিধি:
জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ৮ দলীয় আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে বহু মাধ্যমিক বিদ্যালয় বাজারের ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে কেডিকে ইউনিয়ন ক্রীড়া একাদশকে ৪-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে আন্দুলবাড়িয়া ইউনিয়ন একাদশ। শুক্রবার বিকেল পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে পতাকা ওড়ানোর মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আতিয়ার রহমান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার মধ্যে জয়-পরাজয় ও প্রতিদ্বন্দ্বিতা থাকাটাই স্বাভাবিক। পরাজয় থেকে শিক্ষা নিয়ে এবং জয়ের গৌরবকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে। সুন্দর ও কৃতিত্বপূর্ণ জীবন গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জাতির চরিত্র গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার চর্চা থাকলে তরুণেরা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবে আরও দৃঢ় ও ইতিবাচক হয়ে উঠবে। আজকের যুবসমাজই আগামী দিনে দেশের সম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আন্দুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হারুন অর রশিদ খেলোয়াড়দের উদ্দেশে বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। তবে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে হবে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আন্দুলবাড়িয়া ইউনিয়ন একাদশ ও কেডিকে ইউনিয়ন ক্রীড়া একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে মাঠের নিয়ন্ত্রণ দ্রুত নিজেদের করে নেয় আন্দুলবাড়িয়ার খেলোয়াড়েরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলে তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে কেডিকে ইউনিয়ন ক্রীড়া একাদশকে পরাজিত করে প্রথম রাউন্ডের ম্যাচে জয় তুলে নেয় আন্দুলবাড়িয়া ইউনিয়ন একাদশ।
খেলাকে ঘিরে মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রিয় দলের আক্রমণ, গোলের সুযোগ ও সাফল্যে দর্শকদের হর্ষধ্বনি ও উল্লাসে পুরো মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত। গ্যালারি কিংবা মাঠের নির্দিষ্ট কোনো দর্শকসারি না থাকলেও মাঠের চারপাশে দাঁড়িয়ে থেকে খেলা উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষ। জীবননগরের ক্রীড়া ধারাভাষ্যকার মামুন হোসেনের প্রাণবন্ত ধারাভাষ্য ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। খেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বীকৃত রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বিল্লাল হোসেন। সহকারী রেফারি ছিলেন মোল্লা মকলেচুর রহমান টিক্কা ও রবিউল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনায় ফ্রেন্ডস ক্লাবের ৮ ‘স্টার’ ফাইম, নিহান, নাহিদ, রায়হান, তানভীর, মাসরিকুল, জিসান ও শিশির দায়িত্ব পালন করেন। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেয় নাজাত খেলা ঘর। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি, আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক দাউদ হোসেন, ক্রীড়ানুরাগী আব্দুর রাজ্জাক, শিক্ষক মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


