আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ তিতুদহে মাটির শরীরে প্রাণের ছোঁয়া,  দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

 তিতুদহে মাটির শরীরে প্রাণের ছোঁয়া,  দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর




তিতুদহ প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এখন চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটি, খড় ও রঙের স্পর্শে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছেন দেবী দুর্গাসহ বিভিন্ন দেব-দেবী। আর নিপুণ হাতে প্রতিমা গড়তে দিন-রাত পরিশ্রম করে চলেছেন মৃৎশিল্পীরা।
সরেজমিনে তিতুদহ ইউনিয়নের বলদিয়া দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও ৬৩ আড়িয়া শ্রী শ্রী সত্যনারায়ণ দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায়, পূজার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও মন্দির কমিটির সদস্যরা। কোথাও চলছে প্রতিমার অবয়ব তৈরির কাজ, কোথাও মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। আবার কোথাও প্রতিমার গায়ে চলছে সূক্ষ্ম কারুকাজ ও রঙের শেষ আঁচড়। প্রতিমাগুলোকে দৃষ্টিনন্দন করে তুলতে প্রতিটি ধাপে নেয়া হচ্ছে বাড়তি যত্ন। মৃৎশিল্পীদের ব্যস্ততা দেখে বোঝা যায়, উৎসবের দিন যতই এগিয়ে আসছে, কাজের চাপও তত বাড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিরামহীন কর্মযজ্ঞ।
মৃৎশিল্পী শুনিল পাল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে তাদের দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে। একটি প্রতিমা তৈরির পেছনে রয়েছে দীর্ঘ প্রক্রিয়া। কাঠামো তৈরি থেকে শুরু করে খড় বাঁধা, মাটি দেয়া, তা শুকানো, রং করা এবং সবশেষে সাজসজ্জাÑপ্রতিটি ধাপেই সময় ও শ্রম দিতে হয়। তিনি বলেন, প্রতিমার অবয়ব যত নিখুঁত হবে, শেষ পর্যায়ে রং ও সাজসজ্জার কাজও তত সুন্দরভাবে ফুটে উঠবে। তাই প্রতিটি কাজ খুব যত্ন নিয়ে করতে হচ্ছে।
বলদিয়া দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্রী সাধন দাস বলেন, পূজাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপের অন্যান্য কাজও এগিয়ে চলছে।
৬৩ আড়িয়া শ্রী শ্রী সত্যনারায়ণ দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মহাদেব চন্দ্র সাধু খাঁ বলেন, প্রতিমা তৈরির কাজের পাশাপাশি মণ্ডপের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে। শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সবাই ব্যস্ত সময় পার করছেন।
এদিকে দুর্গাপূজাকে ঘিরে চুয়াডাঙ্গার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ইতিমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পূজামণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা, আলোকসজ্জাসহ নানা প্রস্তুতি। কোথাও শেষ মুহূর্তের রঙের কাজ, কোথাও মণ্ডপসজ্জা, আবার কোথাও চলছে পূজার আনুষঙ্গিক প্রস্তুতি। প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততায় তিতুদহের পূজামণ্ডপগুলো এখন যেন এক অন্যরকম কর্মচাঞ্চল্যে মুখর। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির কাঠামো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। আর সেই প্রতিমাকে ঘিরেই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তৈরি হচ্ছে শারদীয় উৎসবের প্রতীক্ষা ও আনন্দের আবহ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ