নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় মাদক সেবনের দায়ে শাহীন (৪০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের একপর্যায়ে শাহীনকে আটক করা হয়। শাহীন দামুড়হুদা উপজেলার কলাবাড়ি উত্তরপাড়ার খোদা বক্সের ছেলে। পরে তাকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদক সেবনের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেন।
চুয়াডাঙ্গা ডিএনসির উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


