নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বোমাবাজি ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহবাণিজ্যবিষয়ক সম্পাদক নুর আমীন লালন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা সমাবেশ সঞ্চালনা করেন।
সমাবেশে নুর আমীন লালন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন। তার অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও চাঁদাবাজি করে মানুষের জানমালের ক্ষতি করছেন। এসব কর্মকাণ্ডের দায়ভার কে নেবেÑএ প্রশ্নও তোলেন তিনি। নুর আমীন লালন আরও বলেন, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান দয়ালু বলেই অনেককে সময় দেয়া হচ্ছে। তার ভাষায়, তা না হলে ‘আগাছা অনেক আগেই উপড়ে ফেলা যেত’।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম পিটু বলেন, আপনারা আমাদের প্রতিবেশী। আপনারা এমন কোনো কাজ করবেন না, যেন আমাদের কঠোর হতে বাধ্য হতে হয়। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে বোমাবাজি করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হচ্ছে। তিনি বলেন, যদি কেউ আবারও বোমাবাজি করতে আসে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে তাদের প্রতিহত করতে হবে। তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। শফিকুল ইসলাম পিটু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেছেন মাত্র ছয় মাস হয়েছে। তাকে সময় দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বাস রাখুন। তিনি অবশ্যই ভালোভাবে দেশ গড়বেন। দেশ স্বাবলম্বী হবে, আপনারাও স্বাবলম্বী হবেন।
কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সহসভাপতি হামিদুর হক টুটুল ও ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান ও সদস্যসচিব শরিফুল আলম রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান ও সদস্যসচিব আতিকুর রহমান বিদ্যুৎ উপস্থিত ছিলেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ও সদস্য সচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব ও সদস্য সচিব একলাছুর রহমান রাসেল এবং জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্যসচিব সুমন বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।


