নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় চিৎলা রুইতনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সিএইচএল সুপার লীগের এবারের আসরের ফাইনাল ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর টাইব্রেকারে জয় পেয়েছে ফুটবল ফাইটার্স ইয়ং স্টার। নির্ধারিত সময়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ফুটবল ফাইটার্স ইয়ং স্টার। গতকাল বৃহস্পতিবার চিৎলা ইউনিয়নের চিৎলা রুইতনপুর ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
প্রধান অতিথির বক্তব্যে মোমিন মালিতা বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা ভূলুণ্ঠিত হওয়ার পাশাপাশি খেলার মাঠের স্বকীয়তাও নষ্ট হয়ে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর খেলার মাঠগুলো আবার পুরোনো ঐতিহ্যে ফিরে আসতে শুরু করেছে। তারুণ্যের উচ্ছ্বাসে খেলার মাঠগুলো নতুন যৌবন ফিরে পেয়েছে এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটানোর মাধ্যমে তাদের সুস্থ ও সৃজনশীল পরিবেশে সম্পৃক্ত করা প্রয়োজন। মোমিন মালিতা আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে তারা দলীয়ভাবে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডও বাড়াতে হবে।
আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসীন আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁপানিয়া ক্যাম্প ইনচার্জ প্রভাষ কুমার, চিৎলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আসকার আলী টুটুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা ও ইউপি সদস্য বেল্টু বিশ্বাস, ইউপি সদস্য নিজাম উদ্দিন, দুলু মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, আনোয়ার হোসেন, শিমুল হোসেন, আলামীন, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক সাজদার হোসেন ও শহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন জিনারুল ইসলাম লাদেন।
ফাইনাল খেলাকে ঘিরে চিৎলা রুইতনপুর ফুটবল মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ছিল উৎসবমুখর উপস্থিতি। টানটান উত্তেজনার ম্যাচ শেষে টাইব্রেকারে জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সমর্থকেরা। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম আরও বেশি মাঠমুখী হবে এবং এলাকায় খেলাধুলার পুরোনো প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।


