দর্শনা অফিস:
দর্শনায় নারিকেল গাছ ঝুড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিদ্দিক আলী (৫০) নামের এক গাছির মৃত্যু হয়েছে। দড়ি ছিঁড়ে গাছ থেকে পাশের প্রাচীরের ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক আলী দর্শনা মোবারকপাড়ার মৃত আয়ুব আলীর বাড়িতে নারিকেল গাছ ঝুড়তে যান। তিনি পেশায় গাছি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিক আলী নারিকেল গাছে ওঠার সময় হঠাৎ তার ব্যবহৃত দড়ি ছিঁড়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে পাশের প্রাচীরের ওপর পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়া হলেও তার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সিদ্দিক আলী পরানপুর গ্রামের ইসপোত আলীর বড় ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সন্ধ্যায় দর্শনা পৌরসভার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরানপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে সিদ্দিক আলী এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


