আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে কাটাভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে এবং মঙ্গলবার সকালে হাড়গাড়ী গ্রাম থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার উদয়পুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম শুভ (২২) এবং কাটাভাঙ্গা গ্রামের রহিবুল মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৩)। গ্রেফতার নারী হাড়গাড়ী গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রোকিয়া খাতুন (৩৭)।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে সোমবার বিকেল ৫টার দিকে পুলিশের একটি দল কাটাভাঙ্গা গ্রামে রহিবুল মোল্লার বাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় শুভ ও আকাশকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়াল প্রসিকিউশন করা হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা থানার এএসআই আব্দুল মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল হাড়গাড়ী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রোকিয়া খাতুনকে গ্রেফতার করে। তিনি সিআর-২৩/২৫ মামলার প্রসেস নম্বর ৯৫০/২৬-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, ট্যাপেন্টাডলসহ গ্রেফতার দুই যুবক ও পরোয়ানাভুক্ত নারী রোকিয়া খাতুনকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে পুলিশ কাজ করছে। মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।


