আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, পাঁচটি আস্ত ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খেজুরতলা ও বেলগাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেনÑ উপজেলার খেজুরতলা গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (৫৫), বেলগাছি গ্রামের শাকের মালিথার ছেলে শরিফুল ইসলাম (৪৩), আব্দুর রহিমের ছেলে সৈকত আলী (২১) এবং খেজুরতলা গ্রামের রেজাউলের ছেলে জাহাঙ্গীর আলম (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতের দিকে আলমডাঙ্গা থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় খেজুরতলা ও বেলগাছি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে বেলগাছি গ্রামের মালিথাপাড়া মৃত আনিসুর রহমানের ছেলে সজিবের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সজিব পালিয়ে যান বলে জানা গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের অভিযানে ওই বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, পাঁচটি আস্ত ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে জব্দ করা মোটরসাইকেল দুটির মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযানে রাজনৈতিক পরিচয় বা পদ-পদবি বিবেচনা না করে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


