ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আসন্ন ৩ নম্বর কুমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আপনার গ্রাম আপনি গড়বেন, নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করবেন’Ñএ স্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার কুমারী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহবুব আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে কুমারী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেব। জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সরকারি সুযোগ-সুবিধা ও উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমি চাই, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে। তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। আমি আপনাদের সঙ্গে নিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানে কাজ করতে চাই।
মতবিনিময় সভায় বক্তব্য দেন কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল হোসেন খেদালী, কুমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, আব্দুর রাজ্জাক মন্ডল, হাজী ফজলুল হক ও সাবেক সদস্য তৈয়ব। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জনি, হামিদুর মাস্টার, বাবলু, লাল্টু, মসলেম, শিশু ও রুস্তমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। আয়োজকদের মতে, এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় মানুষের মতামত তুলে ধরার সুযোগ সৃষ্টি করে এবং নির্বাচনী আলোচনায় জনসম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখে।


