নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় হাফেজ তারিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কার্পাসডাঙ্গার মুচি বটতলা এলাকায় জনৈক সিরাজুলের এজেন্সি পাসপোর্টের দোকানের সামনে পাকা সড়কের ওপর হাফেজ তারিকুল ইসলাম (৩৮) হামলার শিকার হন। তিনি কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়া এলাকার বাসিন্দা। হামলার ঘটনায় ওই দিনই দামুড়হুদা থানায় তিনজনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি ২৭ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে কার্পাসডাঙ্গা বাজারের পাকা সড়কে মানববন্ধন শুরু হয়। পরে এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মোস্তফা কামাল কাসেমী, হেফাজত ইসলাম বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ বাইজিদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, হাফেজ তারিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।


