আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিস্ফোরক ও সহিংসতার মামলার তদন্তে সন্দিগ্ধ এক আসামি এবং মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানে বড় খাদিমপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে নওয়াজ শরীফ ওরফে শুভকে (২৬) গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, আলমডাঙ্গা থানায় করা বিস্ফোরক ও সহিংসতার একটি মামলার তদন্তে তার নাম সন্দিগ্ধ আসামি হিসেবে পাওয়া গেছে।
অন্যদিকে, ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই নবাব আলীর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে কামালপুর (চরপাড়া) গ্রামের মৃত মনজুর আলীর ছেলে ফারুক আলী (৪০) এবং একই গ্রামের মোশারেফ হোসেন ওরফে মুছা মেম্বারের মেয়ে শিলা খাতুনকে (২৮) গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তারা আলমডাঙ্গা থানায় করা একটি মাদক মামলার আসামি।
আলমডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


