দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও ছাতা বিতরণ করেছে ইউনিয়ন পরিষদ। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) আওতায় এসব সামগ্রী দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপি নেতা খাজা আবুল হাসানাত এবং দামুড়হুদা বিএনপি নেতা রফিকুল হাসান তনু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য সুন্দর পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা জরুরি। সেই বিবেচনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে ইউনিয়ন পরিষদের এ উদ্যোগ প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, খেলাধুলার সুযোগ শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া সামগ্রী পেলে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এতে তাদের মধ্যে শৃঙ্খলা, দলগতভাবে কাজ করার মানসিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা বাড়বে। অন্যদিকে সিলিং ফ্যান ও ছাতা শিক্ষার্থী ও শিক্ষকদের দৈনন্দিন কাজে ব্যবহারিক সুবিধা দেবে। বিশেষ করে গরমের সময়ে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে সহায়ক হবে। ছাতাগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষায় কাজে আসবে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সব সদস্য, ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও ছাতা তুলে দেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব সামগ্রী পেয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে এগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।


