নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা সার বিতরণে ডিলার প্রথা বাতিল করে উন্মুক্ত স্থানে সার বিক্রির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। গতকাল রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলের সঙ্গে কুশল বিনিময়কালে কৃষকেরা এসব দাবি তুলে ধরেন। গতকাল রবিবার বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সংসদ সদস্য সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ বাজার, সরিষাডাঙ্গা, কবিখালী, কাথলী ও মাছের দাইড় গ্রাম এবং পৌর এলাকার সাতগাড়ী গ্রামের বিভিন্ন দোকানে গিয়ে কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ শোনেন।
সংসদ সদস্যকে কাছে পেয়ে স্থানীয় কৃষকেরা তাদের চাষাবাদের সমস্যা ও সার সংগ্রহের ভোগান্তির কথা তুলে ধরেন। তারা বলেন, ডিলার প্রথার কারণে সার বিতরণে বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যবস্থা বাতিল করে উন্মুক্ত স্থানে সার বিক্রি করা হলে সাধারণ কৃষকেরাও প্রয়োজন অনুযায়ী সার সংগ্রহের সুযোগ পাবেন। কৃষকেরা সংসদ সদস্যকে বলেন, ডিলার প্রথা বাতিল না হলে সাধারণ কৃষকেরা ১০ কেজি সারও নাও পেতে পারেন। তাই সার বিতরণে সবার সমান সুযোগ নিশ্চিত করার জন্য তারা সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন। জবাবে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল কৃষকদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন। তিনি বলেন, আমি সংসদে আপনাদের দাবির প্রতি সম্মান রেখে কৃষিমন্ত্রীর কাছে এসব বিষয় উত্থাপন করব।
কৃষকদের সঙ্গে এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনুজ্জামান ও সজীবুল ইসলাম, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসেন, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান পিন্টু, ইউনিয়ন নায়েবে আমির আবু সায়েম সাহিন, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।


