সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজার এলাকায় দ্রুতগতির পিকআপ ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন বছরের শিশু ফাহিম নিহত হয়েছে। এ ঘটনায় পাখিভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মাহফুজা (৪০) নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকেরা। দুর্ঘটনার পর পিকআপসহ চালককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের মামুনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে নয়মাইল বাজারসংলগ্ন সড়ক দিয়ে একটি পাখিভ্যান যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পাখিভ্যানে থাকা শিশু ফাহিম ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। একই ঘটনায় পাখিভ্যানের আরও তিন যাত্রী আহত হন। আহত ব্যক্তিরা হলেনÑহাসানহাটি গ্রামের বাবলুর স্ত্রী মাহফুজা (৪০), দশমী দিঘিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে লিয়াকত (৬৫) এবং হাসানহাটি গ্রামের মামুনের স্ত্রী শিউলি (৪০)। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। মুমূর্ষু অবস্থায় শিশু ফাহিমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে মাহফুজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর দুই আহত লিয়াকত ও শিউলি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাত্র তিন বছরের শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসানহাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান বলেন, নয়মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


