দর্শনা অফিস:
দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর নুরানী কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড মাদরাসায় গ্রীল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর অফিসকক্ষে ঢুকে কম্পিউটার, সিসিটিভি ক্যামেরার মনিটর, ওয়াই-ফাইয়ের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল এবং টেবিলের ড্রয়ার ভেঙে নগদ প্রায় দুই হাজার টাকা নিয়ে যায়। তবে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় যুবকেরা। এ ঘটনায় রিয়াদ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, গত সোমবার রাত আনুমানিক একটার দিকে মোহাম্মদপুর নুরানী কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড মাদরাসায় প্রবেশ করে ওই চোর। প্রথমে প্রতিষ্ঠানের অফিসকক্ষের গ্রীল ভেঙে ভেতরে ঢোকে সে। এরপর কক্ষের ভেতরে থাকা কম্পিউটার, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ওয়াই-ফাইয়ের যন্ত্রাংশ নিয়ে যায়। টেবিলের ড্রয়ারও ভেঙে নগদ প্রায় দুই হাজার টাকা নেয়। চুরির সময় অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানের কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তবে একটি ক্যামেরার ফুটেজ অক্ষত ছিল। সেই ফুটেজে চুরির পুরো ঘটনার গুরুত্বপূর্ণ অংশ ধরা পড়ে। ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার পর স্থানীয়দের সহায়তায় তাকে খুঁজে বের করার উদ্যোগ নেয়া হয়। এরই মধ্যে আজমপুর ও মোহাম্মদপুর এলাকার যুবসমাজের সদস্যরা চুরি যাওয়া মালামাল উদ্ধারে তৎপর হন। তাদের আন্তরিক প্রচেষ্টায় মঙ্গলবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে চুরি যাওয়া কম্পিউটার, মনিটরসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
অন্যদিকে, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম মোল্লা ও আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার রিয়াদ মোহাম্মদপুর এলাকার শফি মিস্ত্রির ছেলে। গ্রেপ্তার রিয়াদকে বুধবার সংক্ষিপ্ত বিচারিক (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হবে। উদ্ধার করা মালামাল জব্দতালিকা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান আব্দুল মালেকের হেফাজতে দেয়ার প্রক্রিয়া নেয়া হবে।


