নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে আশরাফ উদ্দিন লাভলু (৫৫) এবং একই উপজেলার কেদারগঞ্জ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৪০)।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই দিন সদর ও জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে আশরাফ উদ্দিন লাভলু ও ফারুক হোসেনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানি শেষে মাদক সেবনের দায়ে দুজনকেই ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।


