নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে আশিকুর রহমান ওরফে আশিক মোল্যা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে সদর থানা এলাকায় অভিযান চালানো হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বড়বাজারের হাসান চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিমরান হোটেলের সামনে পাকা সড়কের ওপর থেকে আশিকুর রহমান ওরফে আশিক মোল্যাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, মেহেরপুর সদর উপজেলার রাজনগর (শেখপাড়া) গ্রামের বাসিন্দা আশিকুর রহমান মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশের উপস্থিতিতেই তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় গ্রেপ্তার দেখিয়ে সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়। আদালতে তাৎক্ষণিক বিচার শেষে আশিকুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


