নিজস্ব প্রতিবেদক:
কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আলমডাঙ্গার পাঁচ কমলাপুরের হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৯ শিক্ষার্থী মুমতাজ (এ+) ফল অর্জন করেছেন। একই সঙ্গে বিভিন্ন বিভাগ ও শ্রেণিতে ১২ শিক্ষার্থী স্থান পেয়েছেন মেধাতালিকায়। এ নিয়ে টানা পাঁচবার চুয়াডাঙ্গা জেলায় প্রথম স্থান ধরে রাখার কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের দৌলাতদিয়াড় তাবলিগ মার্কাজ মসজিদে ৪৯তম বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া ও মুমতাজ ফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সারাদেশে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ১২ শিক্ষার্থী বিভিন্ন বিভাগ ও শ্রেণিতে মেধাতালিকায় স্থান অর্জন করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২৯ শিক্ষার্থী পেয়েছেন মুমতাজ (এ+) ফল। মেধাতালিকায় সর্বোচ্চ সাফল্য এসেছে প্রতিষ্ঠানটির হেফজ বিভাগ থেকে। এ বিভাগের শিক্ষার্থী মিনারুল ইসলাম সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ইবতিদাইয়া পঞ্চম শ্রেণিতে তামজিদুল হক তাজিম ১৭তম, জুবায়ের আলী ৩৬তম, আব্দুল্লাহ ইব্রাহিম ৫১তম, সাকিবুল ৫৩তম, মোস্তফা ৫৮তম, হুসাইন ৬৩তম, জুনায়েদ ৭২তম এবং আবিদ হাসান ৭৩তম স্থান অর্জন করেন। মুতাওসসিতা সপ্তম শ্রেণিতে তহিদুল ইসলাম ৪৪তম, আব্দুল্লাহ আল আমিন ৪৫তম এবং পারভেজ হুছাইন ৫১তম স্থান লাভ করেন। মুমতাজ (এ+) ফল অর্জনকারীদের মধ্যেও রয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। দাওরায়ে হাদিস বিভাগে মুমতাজ পেয়েছেন মাওলানা আব্দুর রহমান খান। হেফজ বিভাগে এ ফল অর্জন করেন তৌফিক ওমর ও ইমন হাসান। ইবতিদাইয়া পঞ্চম শ্রেণিতে মুমতাজ অর্জন করেছেন জুনায়েত হোসেন, মুজাহিদুল ইসলাম, ইসমাঈল হোসেন, মাশরাফী রহমান ও আল জিহাদ। মুতাওসসিতা সপ্তম শ্রেণিতে মুমতাজ পেয়েছেন সাকিবুল ইসলাম, নুর মোহাম্মদ, আদনান সাফি, রাফিউল্লাহ, রাতুল হাসান, রোকনুজ্জামান সিয়াম, কায়েস আলী ও বায়েজিদ। সানাবিয়া দশম শ্রেণি থেকে ওয়াজ কুরুনীও মুমতাজ ফল অর্জন করেছেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল মুফতি গোলামুর রহমান ও মাওলানা নাসিরউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মুস্তাফা কামাল কাসেমী।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভাষ্য, এবারের ফলাফল কেবল একটি পরীক্ষায় ভালো করার অর্জন নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পিত শিক্ষা কার্যক্রম, নিয়মতান্ত্রিক পাঠদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রম। টানা পাঁচবার চুয়াডাঙ্গা জেলায় প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে জেলার কওমি শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এ সাফল্যে মাদ্রাসার শিক্ষা পরিচালনা পরিষদ ও দপ্তরে এহতেমাম বিভাগ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান শামীম এ জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাফল্যের জন্য শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাদের (মুহতামীম), আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম ইন্না (নায়েবে মুহতামীম), আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (শিক্ষা সচিব), মুফতি নাফিউজ্জামান (সহকারী শিক্ষা সচিব) এবং জামি’আর সব শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।


