নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চুয়াডাঙ্গা জেলা শাখার সভানেত্রী হাবিবা নুসরাত হক মৌ। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তারা এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও উৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পুনাক সভানেত্রী হাবিবা নুসরাত হক মৌ বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সবার মধ্যে আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক, সেটিই প্রত্যাশা। ‘ধর্ম যার যার, উৎসব সবার’Ñএই চেতনাকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজা উদ্যাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। পুনাক সভানেত্রী শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও পুনাক সভানেত্রীর এ পরিদর্শনের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুনাকের অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে সম্প্রীতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


