নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসচ্ছল মানুষের ঘরেও পৌঁছে দিতে চুয়াডাঙ্গা সদর, পৌর এলাকা ও আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে পাওয়া এসব শাড়ি গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা আসিফ জামান। অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।
সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ যেন সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের ঘরেও পৌঁছে যায়, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও বহিঃপ্রকাশ। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। সংসদ সদস্য জানান, আলমডাঙ্গার জন্য ১৮০টি এবং চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলার জন্য ১২০টি শাড়ি বরাদ্দ পাওয়া গেছে। এসব শাড়ি সংশ্লিষ্ট এলাকার অসচ্ছল নারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এর আগে ঈদ উপলক্ষেও শাড়ি পাওয়া গিয়েছিল এবং সেগুলো উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছিল।
সদর উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও আসিফ জামান বলেন, উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
সদরের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক, সেক্রেটারি মোস্তফা কামাল এবং চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন কমিটি-২০২৬’র প্রধান সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে পর্যায়ক্রমে শাড়ি বিতরণ করা হয়।
অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন ও উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুসহ উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা। আলমডাঙ্গা পৌরসভা ও ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে এসব শাড়ি তুলে দেয়া হয়। উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহায়তা পারস্পরিক সৌহার্দ্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।


