জীবননগর অফিস:
জীবননগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবকদের সমন্বয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি দেশের অসাম্প্রদায়িক ও সম্প্রীতির ঐতিহ্যেরও অংশ। শান্তিপূর্ণ পরিবেশে সবাই যাতে নির্বিঘ্নে পূজার উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, এ বছর জীবননগর উপজেলায় মোট ২৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদেরও সম্পৃক্ত করা হবে। মণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি পূজা চলাকালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। পূজা মণ্ডপে দর্শনার্থীদের চাপ সামলানো এবং উৎসবের সময় সড়কে যানজট তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার বিষয়েও আলোচনা হয়। মণ্ডপ এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে কোনো ধরনের গুজব, অপতৎপরতা বা অনাকাক্সিক্ষত পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর থানার ওসি (অপারেশন) আবুল হোসেন, জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরফিন উপস্থিত ছিলেন। এছাড়া হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান, জীবননগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী জীবন চন্দ্র সেন, সদস্যসচিব সুশান্ত কুমার, জীবননগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বরেন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সাগর বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্য ও সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।


