সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ১৬ দলের এ প্রতিযোগিতার ফাইনালে আলমডাঙ্গার তিওরবিলা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুর স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের জুয়েল। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল দেখতে মাঠে জড়ো হন আশপাশের বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরা। তাদের উপস্থিতিতে পুরো মাঠে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
ফাইনালে মুখোমুখি হয় ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুর স্পোর্টিং ক্লাব ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা স্পোর্টিং ক্লাব। দুই দলের খেলোয়াড়েরা গোলের সুযোগ তৈরির চেষ্টা করেন। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাদপুকুর স্পোর্টিং ক্লাব। তিয়রবিলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে তারা টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ফাইনালে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাদপুকুর স্পোর্টিং ক্লাবের জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আসলাম সোহাগ। তিনি বলেন, যুবসমাজকে অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণেরা খেলাধুলায় যুক্ত থাকলে তাঁদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে। এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
খেলায় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজ ফারাজি, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব মিয়া, ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু তাহের, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহন আলী এবং কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল প্রতিযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকার খেলোয়াড়দের মধ্যে পরিচিতি ও সম্প্রীতি গড়ে তুলতে ভূমিকা রাখে। কুতুবপুরের এ টুর্নামেন্টেও দর্শকদের ব্যাপক উপস্থিতি স্থানীয় মানুষের ফুটবলের প্রতি আগ্রহের বিষয়টি তুলে ধরে।


