দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনা মেমনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান আরও উন্নত ও জনবান্ধব করার লক্ষ্যে সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করার দাবি উঠে আসে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে লোকমোর্চার নিজস্ব অর্থায়নে তিন মাসের জন্য একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোকমোর্চার সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাজী অধ্যাপক আজিজুর রহমান।
সভায় বক্তব্য দেন লোকমোর্চার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট, সহসভাপতি কামরুন নাহার শাহ রানি, সাংগঠনিক সম্পাদক হানিফ মন্ডল, লুৎফর রহমান, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, পারভিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন এবং মেমনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডা. ওয়াসিম আলী। ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম সজলের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা রেজাউল ইসলাম, নজির আহমেদ, নজরুল ইসলাম, আজিজুল হক, আব্দুস সাত্তার এবং জামায়াত নেতা সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনায় বক্তারা মেমনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান সেবাব্যবস্থা, নানা সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রতিষ্ঠানটির অবকাঠামো ও সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। এ সময় মেমনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করার দাবি জানানো হয়। সভায় স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা নিয়েও আলোচনা হয়। স্বাস্থ্যসেবার পরিবেশকে আরও পরিচ্ছন্ন ও রোগীবান্ধব করতে লোকমোর্চার নিজস্ব অর্থায়নে আগামী তিন মাসের জন্য একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। বক্তারা বলেন, একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের প্রত্যাশা অনুযায়ী মেমনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান উন্নত করা গেলে দর্শনা ও আশপাশের এলাকার মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর হবে।


