দর্শনা অফিস:
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হত্যা মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা ওই ব্যক্তির পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া যায়। পরে তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক মাহবুব আলম (৪৯) কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মাহবুব আলম ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা চেকপোস্টে পৌঁছালে নিয়মিত যাচাইয়ের অংশ হিসেবে তার পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করা হয়। এ সময় তার বিরুদ্ধে মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানার তথ্যও পাওয়া গেলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ১৫ আগস্ট কুষ্টিয়া সদর থানায় একটি মামলা করা হয়। মামলাটির এফআইআর নম্বর ১২ এবং জিআর নম্বর ৩১৪। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৪১, ৩০২, ১১৪ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে। এর মধ্যে ৩০২ ধারা হত্যা-সংক্রান্ত। মামলাটির কারণে মাহবুব আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় মাহবুব আলমের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া যায়। পরে তাকে হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


