দামুড়হুদার অফিস:
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ আজগার আলী (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার তাকে দামুড়হুদার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হলে আদালত এ দণ্ড দেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এ সময় বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পে কর্মরত উপপরিদর্শক (এসআই) প্রদীপ বিশ্বাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে জুড়ানপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আফাজ্জেল হোসেনের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। সেখান থেকে তার ছেলে আজগার আলীকে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচারের জন্য শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, থানার আওতাধীন এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে।


