ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার ভাতিজা ও চাচাতো ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কোটচাঁদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবার হোসেনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, ঘটনার পর অভিযুক্ত শাকিল ও তার ভাতিজা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে।


