নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানো, খেলাধুলার মান উন্নয়ন এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, ক্রীড়া ব্যক্তিত্ব, ফুটবল কোচ ও ক্রীড়ানুরাগীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।
সভাপতির বক্তব্যে তিথি মিত্র বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আমাদের দেশের ক্রীড়াঙ্গনের একটি অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। চুয়াডাঙ্গা সদরে এই আয়োজনকে শতভাগ সফল ও উৎসবমুখর করতে প্রশাসন এবং স্থানীয় ক্রীড়ামোদী জনগণ একসঙ্গে কাজ করবে। তিনি আরও বলেন, মাঠের প্রস্তুতি থেকে শুরু করে খেলোয়াড়দের নিরাপত্তা এবং দর্শকদের সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। টুর্নামেন্টকে ঘিরে যাতে সুন্দর ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সে বিষয়েও গুরুত্ব দেয়া হবে।
প্রস্তুতিমূলক সভায় টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, দল গঠন, খেলার মাঠের চূড়ান্ত প্রস্তুতি এবং প্রতিযোগিতার বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজনকে সুষ্ঠু ও কার্যকর করতে বিভিন্ন উপকমিটি গঠন এবং প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সোহেল আহাম্মেদসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শুধু একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন নয়, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ ফিরিয়ে আনাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। নিয়মিত প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দেরও জাতীয় পর্যায়ে উঠে আসার পথ তৈরি হবে। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। তাদের প্রত্যাশা, এবারের প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর থেকে একাধিক নতুন ও উদীয়মান ফুটবল প্রতিভা উঠে আসবে। মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করে এসব তরুণ একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেনÑএমন প্রত্যাশাও করছেন তারা।


