নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং জনসচেতনতা বাড়াতে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় মাঠে নেমেছিলেন পুলিশ ও গণমাধ্যমকর্মীরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে। ‘পুলিশ ও সাংবাদিক একসাথে, মাদকের বিরুদ্ধে মাঠে, সচেতনতার বার্তা সবার সাথে’এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর থানা স্টেডিয়ামে এ ম্যাচের আয়োজন করে জীবননগর প্রেসক্লাব। প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশ। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে মাঠ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই একটি করে গোল করে। শেষ পর্যন্ত ১-১ সমতায় থেকে ম্যাচের সমাপ্তি ঘটে।
খেলায় সক্রিয়ভাবে অংশ নেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি তাদের অংশগ্রহণ খেলাটিকে ভিন্ন মাত্রা দেয়। খেলার প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। ম্যাচ দেখতে জীবননগর থানা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াবিদ ও বিপুলসংখ্যক দর্শক। তাদের উপস্থিতিতে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। সবাইকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তুলতে পুলিশ কাজ করতে চায়।


