ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদরাসার একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবুল বাশার (৩৮) নামের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধসারা দারুল কুরআন সুফ্ফা মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আবুল বাশার উপজেলার হরিন্দিয়া গ্রামের আমিন মৌলভীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশারের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, একজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটকে রেখেছেনÑএমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাকে আটক করা হয়েছে। এর আগে ওই প্রতিষ্ঠানের আরও তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। ওসি আরও বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটার পর তাকে ওই মাদরাসা থেকে নিয়ে এসেছি। এদিকে অভিযুক্ত শিক্ষক কোনো ইসলামী রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। তবে কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, ‘আবুল বাশার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন।


