আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজজাতীয়দামুড়হুদা-দর্শনায় ভুয়া সাংবাদিক পরিচয় ও ফেক আইডিতে অপপ্রচার বন্ধের দাবি

দামুড়হুদা-দর্শনায় ভুয়া সাংবাদিক পরিচয় ও ফেক আইডিতে অপপ্রচার বন্ধের দাবি




দর্শনা অফিস:

দর্শনা ও দামুড়হুদা এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয়, অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্ম এবং ফেক ফেসবুক আইডি-পেজ ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার বন্ধের দাবি জানিয়েছে দর্শনা প্রেসক্লাব। একই সঙ্গে প্রকৃত ও দায়িত্বশীল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। এ বিষয়ে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন জেলা প্রশাসক লুৎফুন নাহার ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের কাছে দেয়া হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন।
আবেদনে বলা হয়, দর্শনা ও দামুড়হুদা এলাকায় সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সুযোগ নিয়ে অনেকে ব্যক্তিগত ফেসবুক আইডি-পেজ ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম খুলে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ঘটনা নিয়ে সংবাদ বা কনটেন্ট প্রচারের ফলে প্রকৃত ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রেসক্লাবের আবেদনে আরও বলা হয়, কেউ কেউ অনিবন্ধিত অনলাইন পোর্টালের পরিচয় ব্যবহার করছেন। আবার ব্যক্তিগত যানবাহনে ‘প্রেস’ লিখে কিংবা নানা উপায়ে সাংবাদিক পরিচয় ব্যবহার করে পেশাদার সাংবাদিকদের পরিচয় ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এছাড়া ফেক ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে সম্মানিত ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি বা সাধারণ নাগরিককে মাদক ব্যবসা, চোরাচালান, স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে যাচাইহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
দর্শনা প্রেসক্লাব সদস্যরা জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে না এর প্রভাব প্রকৃত সাংবাদিকতা, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্কের ওপরও পড়তে পারে। আবেদনে মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেয়া এবং প্রচলিত আইন ও পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
দর্শনা ও দামুড়হুদা এলাকায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের পরিচয় এবং তাদের সংশ্লিষ্ট গণমাধ্যমের বৈধতা ও নিবন্ধন যাচাইয়ের উদ্যোগ নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে প্রেসক্লাব। একই সঙ্গে ভুয়া সাংবাদিক পরিচয়, অনিবন্ধিত গণমাধ্যম কিংবা ফেক আইডি-পেজ ব্যবহার করে বিভ্রান্তিকর, মানহানিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে হয়রানি, ভয়ভীতি, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়েও প্রয়োজনীয় নজরদারি ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি প্রকৃত ও দায়িত্বশীল সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার বলেন, তথ্য অফিসের মাধ্যমে বিষয়গুলো যাচাই করে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকতার পরিচয় ও গণমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পেশাগত শৃঙ্খলা, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার চর্চা নিশ্চিত করা জরুরি। এতে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা যেমন সুরক্ষিত হবে, তেমনি সাধারণ মানুষের কাছেও গণমাধ্যমের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ