দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘ম্যানেজমেন্ট অব সিওপিডি’ শীর্ষক ধারাবাহিক চিকিৎসা শিক্ষা (ঈগঊ) অনুষ্ঠিত হয়েছে। এতে দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ সিওপিডি ব্যবস্থাপনা, রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি ও রোগীর দীর্ঘমেয়াদি ফলোআপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ বৈজ্ঞানিক সেশনের আয়োজন করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান। সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান।
মূল প্রবন্ধে ডা. মোস্তাফিজুর রহমান সিওপিডির (ঈযৎড়হরপ ঙনংঃৎঁপঃরাব চঁষসড়হধৎু উরংবধংব) ক্লিনিক্যাল উপস্থাপনা, রোগ নির্ণয় ও রোগের অবস্থা মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রোগীর জন্য ওষুধভিত্তিক ও ওষুধবহির্ভূত চিকিৎসা ব্যবস্থাপনা, রোগের তীব্র অবনতি বা ‘অ্যাকিউট এক্সারবেশন’ মোকাবিলা এবং চিকিৎসার পর রোগীর দীর্ঘমেয়াদি ফলোআপের গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করেন। সিওপিডি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের একটি রোগ, যেখানে রোগীর শ্বাস নিতে কষ্ট, দীর্ঘস্থায়ী কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। ফলে রোগ নির্ণয়ের পাশাপাশি রোগীর অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসা এবং নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হয়। বৈজ্ঞানিক সেশনে এসব বিষয় বাস্তব চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় করে আলোচনা করা হয়। প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত চিকিৎসকদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সিওপিডি রোগীদের চিকিৎসায় বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা, রোগ নির্ণয়ের ক্ষেত্রে করণীয় এবং জটিল পরিস্থিতি মোকাবিলার পদ্ধতি নিয়ে আলোচনা করেন চিকিৎসকেরা।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান বলেন, নিয়মিত ঈগঊ কার্যক্রমের মাধ্যমে চিকিৎসকদের আধুনিক ও প্রমাণভিত্তিক চিকিৎসাজ্ঞান হালনাগাদ রাখা সম্ভব। এতে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হবে এবং তৃণমূল পর্যায়ে রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে। তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও চিকিৎসাপদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই রোগীদের উন্নত সেবা দিতে চিকিৎসকদেরও নিয়মিতভাবে নতুন তথ্য, চিকিৎসাপদ্ধতি ও আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে জানার সুযোগ তৈরি করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বৈজ্ঞানিক সেশন নিয়মিত আয়োজন করা হবে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে রোগীদের আরও আধুনিক, কার্যকর ও মানসম্মত চিকিৎসাসেবা দেয়ার সক্ষমতা বাড়বে।


