ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আলমডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা কমিটি গঠনকে সামনে রেখে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবগঠিত এনসিপির আলমডাঙ্গা উপজেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়েও সভায় আলোচনা করা হয়। গতকাল সোমবার বিকেল ৪টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আলমডাঙ্গায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, আগামী দিনের নেতৃত্ব নির্বাচন, উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া এবং শিক্ষার্থী ও তরুণদের সংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্য সচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. ফারুক এলাহী, আলমডাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক আনোয়ার হুছাইন, জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানসহ উপজেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আলমডাঙ্গার শিক্ষার্থী ও তরুণদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার, শিক্ষা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এ সময় যোগ্য, সক্রিয় ও দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয়ে জাতীয় ছাত্রশক্তির আলমডাঙ্গা উপজেলা কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে আগামী দিনে আলমডাঙ্গায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


